| Headline |
|
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দুই দিনের সফরে পাবনায়
|
|
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি হেলিকপ্টারে পাবনা সরকারি হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর পঞ্চম পাবনা সফর। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনায় পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে তিনি শহরের কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করবেন এবং নিকট আত্মীয়-স্বজন ও এলাকার বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফরকালে পাবনা সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা পাবনা জেলায়। |