Monday, May 11, 2026, 5:26 am
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি
রাজনৈতিক দলগুলোকে মাঠে থাকার আহ্বান
Published : Wednesday, 12 November, 2025 at 5:17 PM, Count : 412

রাজনৈতিক দলগুলোকে মাঠে থাকার আহ্বান

আওয়ামী লীগের নিষিদ্ধ ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আসন্ন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে না বলে জানিয়েছে সরকার। ওই দিন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সব রাজনৈতিক দলকে মাঠে থেকে শান্তিপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ১৩ নভেম্বর কোনো শঙ্কা নেই। দেশজুড়ে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এর আগে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সব রাজনৈতিক দলকে মাঠে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে জনগণকে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। অনেক সময় সন্ত্রাসীরা জামিনে বের হয়ে নতুনভাবে অপরাধে জড়ায়—এই প্রবণতা রোধে বিচার বিভাগের সহযোগিতা কামনা করছি।”

সাম্প্রতিক সময়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, “গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নেই। বড় কোনো সমাবেশ হয়নি। তারপরও এসব যাতে আর না ঘটে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে—শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা নিতে হবে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল বাড়ানো হয়েছে এবং জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে কিছু স্থানে পাম্প বন্ধ রাখা হয়েছে। সীমান্ত দিয়ে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে বিজিবিকে কড়া নজরদারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীবাসীর সহযোগিতা চেয়ে বলেন, “ঢাকাবাসী অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্ত যেন সুযোগ নিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “ঢাকাবাসী অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও তারা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে বলে আমরা আশা করি। সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, তবে যেকোনো নাশকতা মোকাবিলায় আমাদের প্রস্তুতি সম্পূর্ণ।”

তিনি জানান, গত দুদিনে ১৭টি ককটেল বিস্ফোরণ ও ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা দায়ের হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News...


Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com