| Headline |
|
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন
|
|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিবন্ধিত ছয়টি দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপের প্রথম দিন শুরু হয়। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম দফায় সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। ইসি জানিয়েছে, কয়েক দফায় আয়োজিত এই সংলাপে পরবর্তীতে অংশ নেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কমিশনের নিবন্ধিত অন্যান্য রাজনৈতিক দল। তবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না আওয়ামী লীগ। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে চিঠি পাঠিয়ে দলগুলোকে দিনব্যাপী এই সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। |